
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশেখালী ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র-শিক্ষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদ্রাসার বহিষ্কৃত পরিচালক মাওলানা এস্তেফাজুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসার পুরোনো ভবনের সংস্কারকাজে নিয়োজিত ছাত্ররা কাজ করছিলেন। এ সময় অভিযোগ অনুযায়ী, চারজন নারী ইট-পাটকেল নিয়ে ছাত্র ও শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালান। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা মাওলানা এস্তেফাজুর রহমানের পরিবারের সদস্য।
হামলায় কয়েকজন ছাত্র আহত হন। তাদের মধ্যে মোহাম্মদ মোয়াজ নামে এক ছাত্র গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।