
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি ফ্যালকন-৯ রকেটের একটি অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বুধবার (৫ আগস্ট) মহাকাশে এক বছরেরও বেশি সময় ভেসে থাকার পর প্রায় ৪ হাজার কেজি ওজনের রকেটের ওপরের অংশটি চাঁদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
বিজ্ঞানীদের ধারণা ছিল, ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে রকেটটি চাঁদে আঘাত হানতে পারে। সংঘর্ষের ফলে চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্ত সৃষ্টি এবং বিপুল পরিমাণ ধুলা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
যদিও পৃথিবী থেকে টেলিস্কোপে ঘটনাটি সরাসরি দেখা যায়নি, তবে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করতে কয়েক দিন সময় লাগতে পারে। নাসার লুনার রিকনেসাঁ অরবিটার সংঘর্ষস্থলের ছবি তুলবে, যার মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।
ফ্যালকন-৯ রকেটটি ২০২৫ সালের জানুয়ারিতে দুটি লুনার ল্যান্ডার বহন করে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটের নিচের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এলেও ওপরের অংশটি মহাকাশে থেকে যায় এবং পরে সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় প্রভাবে এর গতিপথ পরিবর্তিত হয়ে চাঁদের দিকে চলে যায়।
নাসা জানিয়েছে, এই সংঘর্ষ পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি। তবে ঘটনাটি চাঁদের পৃষ্ঠে আঘাতজনিত পরিবর্তন এবং ধ্বংসাবশেষের বিস্তার নিয়ে বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বিজ্ঞানীদের মতে, এ ধরনের সংঘর্ষ চাঁদের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে নতুন ধারণা পেতে সহায়তা করবে।