
খুলনা নগরীর আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে ১০ জন শিক্ষক থাকা সত্ত্বেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। একইভাবে ডুমুরিয়া উপজেলার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ে চারজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর খুলনা জেলার ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪ হাজার ৪২১ জন পাস করেছে। জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয় ও কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়।
ফল প্রকাশের পর আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। পরে মুঠোফোনে প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে এবং ১০ জন শিক্ষক কর্মরত আছেন। নন-এমপিও প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করেন বলে তিনি দাবি করেন। তবে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীই ফেল করেছে।
অন্যদিকে, ডুমুরিয়ার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম সরদার বলেন, বিদ্যালয়ে ৯ জন শিক্ষক রয়েছেন এবং তাদের পাঠদানে কোনো ঘাটতি ছিল না। তাঁর দাবি, শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা না করায় এ ফলাফল হয়েছে।
ফলাফল প্রকাশের পর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও শতভাগ অকৃতকার্য হওয়া এই দুটি প্রতিষ্ঠানে হতাশার পরিবেশ বিরাজ করছে।