
কক্সবাজারের চকরিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সাহারবিলের মাইজঘোনা এলাকায় বদরখালী-চিরিংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।
নিহত মিজান উদ্দিন চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে এবং চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মিজান উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।