
কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন এফডিএমএন সদস্য কলিমুল্লাহ (২৫), পিতা কবির আহমেদ, এফডিএমএন ক্যাম্প-১, ব্লক-বি/১ এবং শিরাজুল মোস্তফা (২৪), পিতা জাকির আহমেদ, এফডিএমএন ক্যাম্প-১, ব্লক-বি/২।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধার হওয়া ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।