
বাংলাদেশ পুলিশের সাত সহকারী পুলিশ কমিশনার (এএসপি সমপর্যায়ের) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ জন পুলিশ পরিদর্শক চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
অবসরপ্রাপ্ত ৪৯ জন পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিআইডি, পিবিআই, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
অন্য একটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র্যাব হেডকোয়ার্টার্স, ডিএমপি, র্যাব-২, ঢাকা আরআরএফ এবং খাগড়াছড়ি, পটুয়াখালী ও সিরাজগঞ্জে কর্মরত কয়েকজন এএসপি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।