
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের মাঝামাঝি দুই দিনের সফরে ভারত যেতে পারেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি ও ঢাকার সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি ঘিরে উভয় দেশের মধ্যে প্রস্তুতি চলছে এবং এটি বাস্তবায়িত হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে প্রথম ভারত সফর।
প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকে বাণিজ্য, সংযোগ (কানেকটিভিটি), জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দিনের এই সফরটিকে একটি দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। সফরের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই ভারত সরকার তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায়। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
যদিও সফরের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে কূটনৈতিক সূত্রগুলো এ সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখছে।