
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টার দিকে কক্সবাজারের মহেশখালীর ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিপিএসসি নরসিংদী ও র্যাব-১১-এর সহায়তায় মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। তাদের সবার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা (ফকিরবাড়ী) গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত পৌনে ২টার দিকে হাসানহাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম আল মাসুম ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের গুলিতে মাসুম গুরুতর আহত হন এবং আরও কয়েকজন আহত হন।
গুরুতর আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১০ আগস্ট তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট পলাশ থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।