
কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
বিজিবি জানায়, সোমবার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে ইয়াবার মালিক বা কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।