
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে গিয়ে জাহাজের ভেতর থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করতে পারেনি তদন্ত কমিটি।
সোমবার (১৭ আগস্ট) তদন্তসংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসের মাত্রা অত্যন্ত বেশি থাকায় নিরাপদে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে জাহাজটিকে এখনো ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাচ্ছে না।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে জাহাজের ভেতর থেকে গ্যাসের নমুনা নেওয়া সম্ভব হয়নি।
এদিকে পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপদে আলামত সংগ্রহের জন্য প্রাথমিক পাঁচ সদস্যের তদন্ত দলের সঙ্গে আরও তিনজন বিশেষজ্ঞকে যুক্ত করে আট সদস্যের বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।
টিমে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, পরিবেশ অধিদপ্তর, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিস্ফোরক অধিদপ্তর এবং মেরিন সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জাহাজের ভেতরের গ্যাসের প্রকৃতি ও মাত্রা শনাক্ত করাসহ অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা করবে বিশেষজ্ঞ টিম।