
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমের এমন দাবিকে ঘিরে আলোচনা চলছে। তবে সাবেক এই তারকার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো সরাসরি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত দাবির পর্যায়েই রয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ‘হাবেরলার’সহ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, সরাসরি সাক্ষাতের আগে দীর্ঘদিন ধরেই শেখ জিহাদ হামাদার সঙ্গে যোগাযোগ ছিল রবার্তো কার্লোসের। পরে তাদের সাক্ষাতের সময় তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘোষণা দেন বলে দাবি করা হয়।
এ বিষয়ে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, শেখ জিহাদ হামাদা তাকে জানিয়েছেন যে রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তার কাছে এসে শাহাদাহ্ পাঠ করেন।
তবে রবার্তো কার্লোস নিজে বিষয়টি নিশ্চিত না করায় এখনই তার ধর্মান্তরের খবরকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
এদিকে ইসলাম গ্রহণের গুঞ্জনের মধ্যেই মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিগুলো সাম্প্রতিক নয়। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের খবর সামনে আসে এবং পরে ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট পরিসরে অনুষ্ঠান হয় বলে জানা গেছে।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ সফল ক্যারিয়ার রয়েছে রবার্তো কার্লোসের। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত এই কিংবদন্তি তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়েও খেলেছেন।
তার ইসলাম গ্রহণের খবর নিয়ে আলোচনা চললেও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে রবার্তো কার্লোসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসা পর্যন্ত।