
কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক দুজন হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মো. জসিম (৩৫) ও মো. আলমগীর (৪৯)।
উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।