
প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের পরিবর্তে বাংলাদেশকে খেলার অনুমতি দিয়েছে ফিফা।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ভারতের খেলার কথা থাকলেও সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় তারা নাম প্রত্যাহার করে।
এরপর বাংলাদেশের কাছে অংশগ্রহণের বিষয়ে জানতে চায় ফিফা। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দেয়। এবার ফিফার আনুষ্ঠানিক অনুমতিও পাওয়া গেছে।
ভারত ‘এ’ গ্রুপে ছিল। তাদের পরিবর্তে বাংলাদেশও একই গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।