
কক্সবাজারের রামুতে ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোবারক হোছাইন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)–এর মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল রামু চৌমুহনীর মোড়ে অভিযান চালায়।
বিজিবি জানায়, খারাংখালী থেকে রামুগামী একটি সন্দেহজনক সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিতে থাকা যাত্রী মোবারক হোছাইনকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন।
পরবর্তীতে তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
এ ঘটনায় সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। আটক মোবারক হোছাইন টেকনাফের নাছর পাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।