
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে জয়ের পর আইসিসির হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এর ফলে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ইতিহাসের সেরা অবস্থান ছয়ে উঠেছে টাইগাররা।
বাংলাদেশের উন্নতির কারণে পরের তিন দল একধাপ করে পিছিয়েছে। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা সাত, ৭৫ পয়েন্ট নিয়ে পাকিস্তান আট এবং ৭৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয় নম্বরে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২৬, ১১৯, ১০৬, ১০৪ ও ৯৯। ১৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে।
এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সাত। গত মে মাসে পাকিস্তানকে ধবলধোলাই করে দুই ধাপ এগিয়ে সেই অবস্থানে উঠেছিল বাংলাদেশ। তবে জুলাইয়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর এক ধাপ পিছিয়ে আটে নেমে যায় তারা। পরে আরও এক ধাপ অবনতি হয়ে নয় নম্বরে চলে যায় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানে জয় এবং দ্বিতীয় টেস্ট ড্র করার পর তাদের রেটিং বেড়ে ৭৪ হয়। এতে তারা বাংলাদেশকে পেছনে ফেলে আট নম্বরে উঠে যায়। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ ৭৮ রেটিং নিয়ে উঠে এসেছে ছয়ে।