
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে র্যাব-১৫। একই সময়ে ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় বা জাকিরের ডেইল পাহাড়ের পাদদেশে অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায় র্যাব। সেখানে সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক সামসুন নাহার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ আরও জানিয়েছে, সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।