
ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১৫ ও র্যাব-৪-এর যৌথ অভিযানে কক্সবাজার সদর উপজেলার কলাতলী ডলফিন মোড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৮ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় শংকর চন্দ্র মন্ডলকে একটি রাইস মিলের অফিসে নিয়ে হাত-পা বেঁধে রড ও কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার পর গত ১৫ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব। গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্তের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে র্যাব। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।