
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারের সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে কক্সবাজার জেলার দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী সাচিং প্রু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
একই সঙ্গে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদানের দায়িত্বও পালন করবেন তারা।
প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে। কক্সবাজার জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ে প্রতিমন্ত্রী সাচিং প্রুর নতুন দায়িত্বকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।