
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে গাঁজাবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে ৯ বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে চালক ও মাদক কারবারিরা পালিয়ে গেছেন।
শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে জব্দ করা মাইক্রোবাস ও গাঁজা থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়।
তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর সময় খিদিরপুর গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর গাড়িতে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় চালক ও সঙ্গে থাকা মাদক কারবারিরা সাঁতরে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার এবং ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, প্রতিটি বস্তায় কী পরিমাণ গাঁজা রয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।