
মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছে যশের বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’। দর্শকদের একাংশের অসন্তোষের মধ্যেই এবার যশের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী বসন্তের একটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে চার বছর বিরতির পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী তারকা যশ। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে গোয়াকে কেন্দ্র করে। পর্তুগিজ শাসনামলের পটভূমিতে নির্মিত ছবিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে।
সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
মুক্তির পর থেকেই রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ দৃশ্যটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ সিনেমার গল্প ও দৃশ্যটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
একজন দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, রুক্মিণীর কাছ থেকে তিনি এ ধরনের দৃশ্য প্রত্যাশা করেননি। অন্যদিকে অভিনেত্রীর ভক্তদের একটি অংশ তাঁর পক্ষেও অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, সিনেমাটিতে রুক্মিণীর কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই এবং তাঁকে নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হচ্ছে।
তবে শুধু রুক্মিণীর ওই দৃশ্যই নয়, সিনেমাটি মুক্তির পর থেকেই এর গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ছবিটির প্রশংসা করছেন, আবার কেউ প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা প্রকাশ করছেন।
প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত গ্যাংস্টারধর্মী এই নাট্যধর্মী সিনেমায় অপরাধজগৎ, ক্ষমতার লড়াই ও পারিবারিক সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে বিভিন্ন প্রাপ্তবয়স্ক উপাদানও রয়েছে।
এর আগে সিনেমার প্রচারণার সময় কিয়ারা আদভানি ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে যশ ও কিয়ারা দুজনই জানিয়েছিলেন, বিচ্ছিন্ন কোনো দৃশ্য দেখে পুরো সিনেমা সম্পর্কে মন্তব্য করা উচিত নয়। তাঁদের মতে, গল্পের প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে।