
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকা ও ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় পাহাড়ি ঢল ও বন্যার পানির সঙ্গে কাদা, পাথর এবং বিভিন্ন ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসে।
এতে বহু বসতি, স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং নিখোঁজদের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়েছে।