
সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে নতুন মাসজুড়েও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল সর্বশেষ নির্ধারিত খুচরা দরে বিক্রি হবে।
নতুন মূল্যহার অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার বিষয়টি জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।
ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সেপ্টেম্বর মাসজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল নির্ধারিত এই দামেই বিক্রি হবে।