
সবকিছু বিবেচনা করেই রমজানের পর এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি বলেছেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। সেই অনুযায়ী রমজানের পরেই এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতের বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় শিক্ষক সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে চীনের দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে। বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যেই চীনের আমন্ত্রণে এ সফর করা হয়েছে।
তিনি জানান, কারিগরি শিক্ষকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, দেশে বর্তমানে অনেক চীনা কোম্পানি কাজ করছে। এসব প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার উদ্যোগ নিয়েছে।