
কক্সবাজারকে সম্পূর্ণ মাদকমুক্ত না করে কোনো অবস্থাতেই দায়িত্ব ছাড়তে চান না পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশের কোনো সদস্য এ অপরাধে সম্পৃক্ত থাকলে তাকেও কঠোর আইনের আওতায় আনার ঘোষণা দেন ডিআইজি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, কক্সবাজার ঐতিহ্যগতভাবে শান্তি ও সম্প্রীতির শহর হলেও দীর্ঘদিনের অনিয়ম এবং মাদকের গডফাদারদের রাজনৈতিক ছত্রছায়ায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রভাবশালী বা ক্ষমতাবান ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। বাহিনীর কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
সমাবেশে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে জেলা পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত জেলায় ৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় কম। তবে মাদকবিরোধী অভিযানে উদ্ধার বহুগুণ বেড়েছে। গত বছরের জুলাই পর্যন্ত ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হলেও চলতি বছরের একই সময়ে ৩৩ লাখের বেশি ইয়াবা জব্দ করেছে পুলিশ।
পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, থানায় সেবা নিতে বা আইনি সহায়তা পেতে কোনো টাকা কিংবা দালালের প্রয়োজন নেই। দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক আপস করা হবে না বলেও তিনি জানান।
সুধী সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলোতে মাদকবিরোধী সচেতনতামূলক একটি বিশাল র্যালি বের করা হয়।