
প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনার পর তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফিরোজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। পরে পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়ির চালকও আহত হয়েছেন।
জানা গেছে, আব্দুল বারী জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’
কালাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, পথচারী রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। তিনি জানান, প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন।