
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও এক জেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মুহিবুল্লাহ নামের ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে।
এর আগে বৃহস্পতিবার ভোরে আটজন মাঝিমাল্লা নিয়ে ‘এফ বি তাহসিন’ নামের মাছ ধরার ট্রলারটি সোনাদিয়া চ্যানেলে ডুবে যায়। পরে আশপাশের জেলেরা চারজনকে জীবিত উদ্ধার করেন। একই সময় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল জানান, ট্রলারডুবির ঘটনায় কুতুবজোমের খোন্দকারপাড়া এলাকার নুরুল আলম এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান চলছে।