
ইলিশের স্বাদ, সুগন্ধ ও তেলের ভাব দীর্ঘদিন অটুট রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। ভুল পদ্ধতিতে ফ্রিজে রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত বাজার থেকে আনার পর মাছ না ধুয়ে বাতাসহীন পাত্র বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো রাখা যায়।
১. আস্ত মাছ পেঁচিয়ে সংরক্ষণ
আস্ত ইলিশ না ধুয়ে গায়ে থাকা রক্ত বা ময়লা শুকনো কাপড় কিংবা টিস্যু দিয়ে আলতো করে মুছে নিতে হবে। এরপর আঁশ না ছাড়িয়ে খবরের কাগজ, বেকিং পেপার বা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। পরে সেটি মোটা পলিথিন ব্যাগে ভরে ভেতরের বাতাস বের করে মুখ শক্ত করে বেঁধে ডিপ ফ্রিজে রাখতে হবে।
২. টুকরো করে এয়ারটাইট বক্সে রাখা
ফ্রিজে জায়গা কম থাকলে ইলিশের আঁশ ছাড়িয়ে রান্নার উপযোগী টুকরো করে নেওয়া যায়। টুকরো না ধুয়ে টিস্যু দিয়ে রক্ত ও অতিরিক্ত আর্দ্রতা মুছে নিতে হবে। এরপর এয়ারটাইট প্লাস্টিক বা কাঁচের বক্সে মাছ সাজিয়ে ঢাকনা শক্ত করে বন্ধ করতে হবে। এক স্তরের ওপর আরেক স্তর রাখলে মাঝখানে প্লাস্টিক শিট ব্যবহার করা যেতে পারে।
৩. পানিতে ডুবিয়ে বরফ তৈরি করা
এ পদ্ধতিতে একটি বড় প্লাস্টিকের বক্সে আস্ত মাছ রেখে পানি দিয়ে পুরোপুরি ডুবিয়ে দিতে হবে। এরপর বক্সটি ডিপ ফ্রিজে রাখলে পানি জমে বরফ হয়ে মাছটিকে চারপাশ থেকে ঢেকে ফেলবে। এতে মাছ বাইরের ঠান্ডা বাতাসের সরাসরি সংস্পর্শে আসবে না এবং ভেতরের আর্দ্রতা ও স্বাদ দীর্ঘ সময় বজায় থাকবে।
সঠিকভাবে সংরক্ষণ করলে ইলিশের স্বাদ ও সুগন্ধ দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।