
কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দ করা প্রায় ১০১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত। আদালত সূত্র জানায়, ১৪৯টি মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা এসব মাদকের মোট মূল্য ১০০ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা।
২ আগস্ট বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিচারক, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মাদক ধ্বংসের কার্যক্রম চলে। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৩৩ লাখ ৬৫ হাজার ৩০২ পিস ইয়াবা, ৪১১ লিটার ৩০০ মিলিলিটার দেশীয় চোলাই মদ, ৬৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৩৪ বোতল ফেনসিডিল।
সিজেএম আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি এ কার্যক্রম পরিচালনা করে। কমিটির সদস্য ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন। আদালত প্রাঙ্গণে একসঙ্গে এত বিপুল পরিমাণ মাদক ধ্বংসের ঘটনা কক্সবাজারে নজিরবিহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।