
কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালায় সদর মডেল থানা-পুলিশ। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে পুলিশের একাধিক দল অভিযানে নামে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান (২৬), মো. খোরশেদ আলম (২৮), মো. আবু তাহের (৩৬), সোহেল ইসলাম (৩২), মো. নাইম (১৯), রেদোয়ান (২০), মো. রফিক (২২), মো. আমির (৩২), মো. সাদ্দাম (৩১), মেহেদী হাসান সাগর (১৯), রেজাউল করিম অনি (১৯), মো. ইশান (২৩), মো. জহির (২৯) ও রবিউল হাসান (১৯)। তারা কক্সবাজার পৌরসভা, ঝিলংজা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
পুলিশের বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য জি এম ইকবাল বলেন, পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ছিনতাই ও চুরি রোধে নিয়মিত টহল আরও বাড়ানো প্রয়োজন।