
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ তিনজন সশস্ত্র ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার রাতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ মেইন বিচ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে একটি ইজিবাইককে থামার সংকেত দিলে এর যাত্রীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানে আরও দুজনকে আটক করা সম্ভব হয়। এ সময় আরও দুজন রাতের অন্ধকারে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইজিবাইকের তলদেশে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল সদৃশ খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি বাটন মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের গোদারবিল এলাকার আল আমিন (১৯), মহেশখালীয়াপাড়া এলাকার নুরুল আবছার (২৬) ও গোদারবিল এলাকার রবিউল হাসান (২১)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।