
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এছাড়া নির্ধারিত ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।
গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাতে শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার চেয়ে বেশি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে আবেদন হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্রের।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এছাড়া কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।