
দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশ গঠনের কাজে উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উদ্ভাবনকে শুধু গবেষণাগার বা ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর করতে হবে। একই সঙ্গে উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তিকে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আয়োজিত এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিয়েছেন। তারা এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের মধ্যে সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলায় বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে আয়োজিত প্রেজেন্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসব উদ্ভাবনী উদ্যোগ ও উপস্থাপনা দেখে তিনি অভিভূত হন।