
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়ার অভ্যাস নিয়মিত হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সঠিকভাবে সংরক্ষণ করলে খাবার থেকে সংক্রমণের ঝুঁকি কমে গেলেও দীর্ঘ সময় ফ্রিজে রাখা এবং বারবার গরম করার কারণে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এতে ভিটামিন ও প্রোটিনের কিছুটা ক্ষতি হতে পারে। একই সঙ্গে নিয়মিত এমন খাবার খেলে হজমের সমস্যা ও শরীরে প্রদাহের ঝুঁকিও বাড়তে পারে।
ব্যস্ত জীবনে অনেকেই একদিনের রান্না করা খাবার দুই-তিন দিন ধরে খান। কখনো এর চেয়েও বেশি সময় খাবার সংরক্ষণ করা হয়। হোটেল-রেস্তোরাঁতেও রান্না করা খাবার সংরক্ষণ করে পরে পরিবেশনের প্রচলন রয়েছে। তবে খাবার সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা, প্যাকেটজাতকরণ ও ব্যবহারের নিয়ম মেনে চলা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তাপমাত্রায় ভালোভাবে প্যাক করে খাবার সংরক্ষণ করলে ফাঙ্গাস বা জীবাণু সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম থাকে। তবে সংরক্ষণের নিয়ম ঠিকভাবে মানা না হলে খাবার থেকে অসুস্থ হওয়ার আশঙ্কা থেকেই যায়।
চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল বলেন, রান্না করা খাবার ফ্রিজে রেখে পরে গরম করে খাওয়ার পদ্ধতি বিশ্বজুড়েই প্রচলিত। তবে বারবার গরম করলে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে। বিশেষ করে খাবারে থাকা প্রোটিনের গুণমান কিছুটা নষ্ট হওয়ার পাশাপাশি ভিটামিনের কার্যকারিতাও কমতে পারে।
পুষ্টিবিদ অরিজিৎ দে বলেন, বারবার গরম করার ফলে খাবারের ভিটামিন ও প্রোটিনের মতো পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে। খাবারের স্বাদে বড় পরিবর্তন না হওয়ায় বিষয়টি অনেক সময় বোঝা যায় না। তার মতে, ফ্রিজ থেকে খাবার বের করেই সরাসরি গরম না করে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রাখার পর গরম করা ভালো।
বিশেষ করে যাদের অম্বল, গ্যাস বা হজমের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত ফ্রিজে সংরক্ষিত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় সংরক্ষণ ও বারবার গরম করার অভ্যাস হজমের সমস্যা বাড়াতে পারে এবং শরীরে প্রদাহের ঝুঁকিও তৈরি করতে পারে।
ফ্রিজে রাখা খাবার কতদিন নিরাপদ থাকবে, তা খাবারের ধরন ও সংরক্ষণের পদ্ধতির ওপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, রান্না করা খাবার দীর্ঘ সময় ফ্রিজে রেখে না খেয়ে যতটা সম্ভব তাজা খাবার খাওয়াই ভালো। একবার সংরক্ষণ করা খাবার বারবার বের করে গরম না করে প্রয়োজন অনুযায়ী পরিমাণ আলাদা করে সংরক্ষণ করাও নিরাপদ পদ্ধতি।
তবে মাঝেমধ্যে ফ্রিজে রাখা খাবার খাওয়া মানেই তা ক্ষতিকর—এমন নয়। মূল বিষয় হলো খাবার দ্রুত ঠান্ডা করে সঠিকভাবে সংরক্ষণ করা, দীর্ঘ সময় ফেলে না রাখা এবং প্রয়োজনের বেশি বার গরম না করা। পাশাপাশি প্রতিদিনের খাবারে তাজা ফল ও তাজা রান্না করা খাবার রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।