
ইলিশের মৌসুমে প্রতিবছর বাংলাদেশের ইলিশের জন্য অপেক্ষায় থাকে ভারতের পশ্চিমবঙ্গ। তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। বাংলাদেশের বাজারের চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই আমদানি হচ্ছে ইলিশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট—এই দুই মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ। এর মধ্যে জুলাইয়ে আমদানি হয়েছে ২৯ হাজার ৪৪০ কেজি। আগস্টে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজিতে।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই মাসে আমদানি করা ইলিশের ঘোষিত মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। জুলাইয়ে আমদানি করা মাছের মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা এবং আগস্টে ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।
জুলাই ও আগস্টে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ইলিশ এনেছে। এর মধ্যে জুলাইয়ে তিনটি এবং আগস্টে ১৯টি প্রতিষ্ঠান মাছ আমদানি করে।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, দুই মাসে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর আমদানিকারকদের কোয়ারেন্টাইন সনদ দেওয়া হয়েছে।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, কাস্টমসের ছাড়পত্র ও বন্দরের শুল্ক পরিশোধের পর বাংলাদেশি ট্রাকে করে আমদানি করা ইলিশ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে ভারত থেকে বাংলাদেশে প্রায় ৫০০ টন ইলিশ গেছে। হাওড়া থেকেও এবার প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি গুজরাটের ইলিশও জায়গা করে নিয়েছে বাংলাদেশের বাজারে। ব্যবসায়ীদের দাবি, সেখানে সরবরাহ ভালো থাকায় তুলনামূলক কম দামে ইলিশ পাওয়া যাচ্ছে।
চট্টগ্রাম ও সিলেটের বাজারে আমদানি করা কিছু ইলিশের ডিম আলাদা করে বিক্রি হচ্ছে। কিছু মাছ নোনা ইলিশ হিসেবেও বাজারজাত করা হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের ভাষ্য, বাংলাদেশে আরও ১০০ থেকে ১৫০ টন ইলিশ পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
এদিকে আমদানি করা ইলিশের পরিচয় নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তারা বেনাপোলসহ বিভিন্ন বাজারে সরবরাহ হওয়া এসব মাছকে ভারতীয় ইলিশ বলে জানালেও স্থানীয় কিছু ব্যবসায়ী এগুলো মিয়ানমারের ইলিশ বলে দাবি করছেন। ক্রেতাদের অভিযোগ, বিদেশ থেকে আসা ইলিশকে পদ্মা, চাঁদপুর, বরিশাল বা চট্টগ্রামের ইলিশ হিসেবে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
দামেও রয়েছে বড় ব্যবধান। ব্যবসায়ীদের হিসাবে, ১ কেজি ২০০ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশের দাম কেজিতে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা। একই আকারের আমদানি করা ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকার মধ্যে।
কম দামে বড় আকারের ইলিশ পাওয়ায় ক্রেতাদের একটি অংশ আমদানি করা মাছের দিকে ঝুঁকছেন। এতে দেশি ইলিশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন বলেন, আমদানি করা মাছকে দেশি ইলিশ হিসেবে বিক্রির বিষয়টি সরাসরি মৎস্য আইনের আওতায় পড়ে না। ফলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বে উৎপাদিত মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। তবে দেশের বাজারে চাহিদা পূরণে বিদেশি ইলিশ আমদানির এই চিত্র ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
মৎস্য বিশেষজ্ঞ মোহাম্মদ আশরাফুল আলমের মতে, নদীতে দূষণ ও নাব্য সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব ইলিশের আবাসস্থল ও চলাচলে চাপ তৈরি করছে। দেশে ইলিশের উৎপাদন কমে গিয়ে বাজারের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশের ওপর নির্ভর করতে হলে তা ইলিশের ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।