
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮২৫ রাউন্ড গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাতামুহুরী থানার বদরখালী ইউনিয়নের পশ্চিম হুন্যাপাড়া ও হলকাটাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুর্গম এলাকা হওয়ায় পুলিশের সদস্যরা প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, প্রথম অভিযানে পশ্চিম হুন্যাপাড়া এলাকা থেকে রাজিব, জসু, সাগর, নমি ও জহুরা বেগম নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শর্টগান, ৭৭ রাউন্ড গুলি ও কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হলকাটাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে শহর বানু নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়ির পেছনের পুকুরে তল্লাশি চালিয়ে ডুবন্ত অবস্থায় রাইফেলের আরও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুটি অভিযানে সব মিলিয়ে ৮২৫ রাউন্ড গুলি, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।