
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব। গারো পাহাড়ের পাদদেশ, সবুজ বনানী ও নৈসর্গিক লেকঘেরা পরিবেশে এবারের পর্বের মঞ্চ তৈরি করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে পুরো জামালপুরে তৈরি হয় উৎসবের আমেজ। জামালপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী হাজারো দর্শক ধারণস্থলে উপস্থিত হন। দিনের আলোতেই এবারের অনুষ্ঠান ধারণ করা হয়। বৃষ্টি ও গরম উপেক্ষা করে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এবারের পর্বে দুটি গান থাকছে। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। পাশাপাশি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীতিতে কণ্ঠ দিয়েছেন জেলার সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এতে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশন করা হয়েছে।
নিয়মিত দর্শকপর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক জামালপুরের চারজন স্মরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী গানের অংশবিশেষ পরিবেশন করবেন।
এ ছাড়া পর্বটিতে জামালপুরের নকশিকাঁথা, ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’, ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ নিয়ে প্রতিবেদন থাকছে। দেশের অন্যতম প্রাচীন ‘তুলসীপুর ঘোড়ার হাট’, নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার ও বাল্যবিবাহের শিকার পরিবারের জীবন নিয়েও থাকছে মানবিক প্রতিবেদন।
জামালপুরে জন্ম নেওয়া চারজন গুণী ব্যক্তিত্বের অবদান এবং শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রামও তুলে ধরা হবে।
বিদেশি প্রতিবেদন হিসেবে থাকছে চীনের ঐতিহ্যবাহী শহর সুঝৌ নিয়ে বিশেষ আয়োজন। পাশাপাশি কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপ, চিঠিপত্র এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে নাট্যাংশ থাকছে।
জামালপুর পর্বটি আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।