
সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেওয়া হবে না।
রোববার জাতীয় প্রেসক্লাবে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদে নির্ধারিত প্রক্রিয়ায় সংস্কার করতে হবে। তাঁর দাবি, ১১ দলীয় ঐক্যের নেতারা সংবিধান সংশোধনের উদ্যোগকে ধারণাগতভাবে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের উদ্যোগের বিরোধিতা করে আসছে ১১ দলীয় ঐক্য। সংস্কারের প্রক্রিয়া এড়িয়ে সংশোধনের মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন আনার উদ্যোগ তারা সমর্থন করবেন না।
গোলাম পরওয়ারের দাবি, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ৫৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মত দিয়েছে। তাই সেই প্রক্রিয়া অনুসরণ করেই সাংবিধানিক পরিবর্তন আনা উচিত।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জুনায়েদসহ জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।