
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জনগণের কাছে সহানুভূতি ও সহমর্মিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে তিনি সরকারের পদত্যাগ চাইতেন, তবে বর্তমান সরকারের ক্ষেত্রে তা চাওয়া উচিত হবে না।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এবং হবে। একই সঙ্গে মূল্যবৃদ্ধির সমালোচনা হতে পারে এবং দাম আরও কম রাখা যেত কি না, সে বিষয়েও আলোচনা হওয়া উচিত।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো নির্দিষ্ট শর্ত নেই বলেও জানান তিনি। তার দাবি, আইএমএফ অতিরিক্ত ভর্তুকি না দেওয়ার নীতি অনুসরণ করে। তবে সরকার সব ক্ষেত্রে তাদের সব নীতি অনুসরণ করছে না।
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই দাবি করে তথ্য উপদেষ্টা বলেন, বিরোধী দল নিয়মতান্ত্রিক আন্দোলন করতে পারে। তবে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।