
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ করতে হবে। এর পাশাপাশি কালোটাকার মজুত ও ছায়া অর্থনীতি কমাতে ১০০০ টাকার নোট বাতিলের প্রয়োজন রয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
নোটিশে আরও দাবি করা হয়েছে, উচ্চমূল্যের নোটটি অবৈধ অর্থ লুকিয়ে রাখা ও লেনদেনে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি করে। তাই লেনদেনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুত এ নোট বাতিলের পদক্ষেপ নেওয়া উচিত।
আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।