
কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক শুধু কক্সবাজারের নয়, এটি সারাদেশের একটি বড় সমস্যা। কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধের সঙ্গেও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। মাদক নির্মূলে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন সাচিং প্রু জেরী।
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আ: মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।