
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় ৪৮ হাজার কেজি সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের মোট ওজন ৪৮ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানে পাচারের কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।