
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় শামসু নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।
সোমবার ভোররাতে উপজেলার থাইংখালী বিটের ক্যাম্প-১৩ সংলগ্ন তৈলখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামসু পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার সৈয়দ আলমের ছেলে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে সৃজিত ২২০ হেক্টর বাগানে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে অভিযান চালায় বনবিভাগের একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার সরঞ্জামসহ শামসুকে আটক করা হয়।
থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত জানান, রাতের আঁধারে বনাঞ্চলে গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাছ কাটার সঙ্গে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সরকারি বাগান ও বনভূমিতে অবৈধভাবে গাছ কাটার কোনো সুযোগ নেই। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।