
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সোমবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন, পূর্বের মামলার তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
ওসি আতিকুর রহমান জানান, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ছয়জনের মধ্যে চারজনকে তিন মাস করে এবং দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।