
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ নৌযাতায়াতের অবসানে নতুন আধুনিক জেটিঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরোনো মগনামা জেটিঘাট সংস্কার করা হবে। দুটি প্রকল্পে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত নতুন জেটিঘাটটি মগনামা বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে বেড়িবাঁধের অংশে নির্মাণ করা হবে। আর পুরোনো জেটিঘাট সংস্কারে আনুমানিক ৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জেলা পরিষদের মাধ্যমে এ কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নতুন জেটিঘাট নির্মাণের লক্ষ্য নিরাপদ যাত্রী চলাচল, উন্নত যাত্রীসেবা এবং উপকূলীয় নৌ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা।
২০০৫ সালে কুতুবদিয়া, মহেশখালী ও কক্সবাজারের সঙ্গে নৌ যোগাযোগ সহজ করতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মগনামা জেটিঘাট নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ২০১৮ সাল থেকে ঘাটটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। রেলিংসহ গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যাওয়ায় যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
স্থানীয়দের ভাষ্য, মগনামা জেটিঘাট দিয়ে প্রতিদিন অসুস্থ রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। নতুন জেটিঘাট নির্মাণ ও পুরোনোটি সংস্কার হলে পেকুয়া-কুতুবদিয়ার মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।