
কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা চ্যানেলে সী-ট্রাক কাম ফেরি ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ। কোনো কারণ না জানিয়ে নৌযানটি কুতুবদিয়া থেকে সন্দ্বীপে স্থানান্তর করায় উত্তাল সাগর পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া-মগনামা চ্যানেল পারাপারে সী-ট্রাক সার্ভিসই ছিল দ্বীপবাসীর অন্যতম ভরসা। নৌযানটি সরিয়ে নেওয়ার পর বিশেষ করে বয়স্ক, রোগী, নারী ও শিশুদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে।
বিআইডব্লিউটিএ বড়ঘোপ জেটিঘাটের পন্টুনের মেরামত শেষ করলেও নিয়মিত সী-ট্রাক সার্ভিস চালুর দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ‘এসটি নিঝুম দ্বীপ’-এর পরিবর্তে ‘এসটি জব্বার’ দেওয়ার কথা থাকলেও দুই মাসের বেশি সময়েও সেটি কুতুবদিয়ায় আসেনি।
ফলে দ্বীপটির নৌ যোগাযোগ অনেকটা অচল হয়ে পড়েছে। দ্রুত নিয়মিত সী-ট্রাক ও ফেরি সার্ভিস চালু এবং প্রয়োজনীয় নৌযান বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানি বলেন, চাহিদা থাকলে কুতুবদিয়ায় সী-ট্রাক দেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।