
অজ্ঞাত নম্বর থেকে আসা ঝাপসা ছবি, ফাইল বা লিংক অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করে। পরিচিত কারও ছবি মনে করে অনেকে দ্রুত সেটি খুলে বা ডাউনলোড করে ফেলেন। তবে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে এ ধরনের ফাইল বা লিংকে ক্লিক করলে ডিভাইস ও ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
সাইবার অপরাধীরা অনেক সময় অপরিচিত নম্বর থেকে অস্পষ্ট ছবি পাঠিয়ে সঙ্গে লিখে দেয়—‘এই ব্যক্তিকে চেনেন?’ কিংবা ‘ছবিটি দেখবেন?’ কৌতূহল থেকে কেউ ছবিটি খুলতে বা ডাউনলোড করতে গেলে সন্দেহজনক লিংক, ফাইল বা অ্যাপের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার ডিভাইসে ইনস্টল হওয়ার ঝুঁকি থাকে।
তবে শুধু কোনো ছবি খোলার সঙ্গে সঙ্গেই নিশ্চিতভাবে ম্যালওয়্যার ঢুকে যাবে বা ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হবে—বিষয়টি সব সময় এমন নয়। মূল ঝুঁকি তৈরি হয় সন্দেহজনক লিংক, ফাইল বা অ্যাপের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হলে।
বিশেষজ্ঞদের পরামর্শ, অজ্ঞাত নম্বর থেকে আসা কোনো মেসেজের লিংকে ক্লিক করা, অপরিচিত অ্যাপ ডাউনলোড করা কিংবা ব্যক্তিগত বা মানবিক কারণ দেখিয়ে অর্থ চাওয়া হলে সতর্ক থাকতে হবে। কোনো লিংক বা ফাইল দেখতে বৈধ মনে হলেও সেটি ক্ষতির কারণ হতে পারে।
ঝুঁকি কমাতে অ্যাপের সেটিংস থেকে স্টোরেজ, ডেটা ও মিডিয়া অটো ডাউনলোড অপশনে গিয়ে ছবি, ভিডিওসহ অন্যান্য মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করা যেতে পারে। ‘Never’ নির্বাচন করলে মিডিয়া নিজে থেকে ডাউনলোড হবে না। প্রয়োজন হলে পরে ম্যানুয়ালি ডাউনলোড করা যাবে।
এ ছাড়া অচেনা ও সন্দেহজনক নম্বরের মেসেজ এড়িয়ে চলার পাশাপাশি কোনো অবস্থাতেই OTP, PIN, ব্যাংকিং তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়। সন্দেহজনক নম্বর ব্লক ও রিপোর্ট করা যেতে পারে। অ্যাপে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন চালু রাখলেও বাড়তি নিরাপত্তা পাওয়া যায়।
তাই অজ্ঞাত নম্বর থেকে কোনো ছবি বা ফাইল এলে কৌতূহলবশত ক্লিক না করে আগে প্রেরকের পরিচয় ও তথ্য যাচাই করা জরুরি। সামান্য অসতর্কতায় ব্যক্তিগত তথ্য, ডিভাইস এবং অর্থ লেনদেনের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।