
কক্সবাজারের উখিয়ায় চলতি আমন মৌসুমে প্রায় ৯ হাজার ৪০৫ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। বিপুল পরিমাণ জমিতে আমন চাষ হলেও কৃষকদের চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় দেখা দিয়েছে সংকট। সার সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কৃষকদের। বুধবার (৩০ সেপ্টেম্বর) বৃষ্টি শুরু হলে অনেক কৃষককে ভিজে সার সংগ্রহের অপেক্ষায় থাকতে দেখা যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উখিয়ায় প্রায় ৯ হাজার ৪০৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এ মৌসুমে শস্যচাষি কৃষকের সংখ্যা প্রায় ১৯ হাজার।
কৃষকদের অভিযোগ, বরাদ্দ ও সরবরাহের তুলনায় সারের চাহিদা বেশি। ফলে ডিলার ও সাব-ডিলারের বিক্রয়কেন্দ্রগুলোতে সার নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। কয়েকজন কৃষক জানান, জনপ্রতি সর্বোচ্চ ১০ কেজি করে সার দেওয়া হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় আমন চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
জানা যায়, অক্টোবর মাসের জন্য উখিয়ায় প্রায় ৯৬ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ৯ জন ডিলার ও ৪২ জন সাব-ডিলারের মাধ্যমে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
বুধবার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে দেখা যায়, সকাল থেকেই কৃষকদের দীর্ঘ সারি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলে অনেক কৃষককে লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদামতো সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার বলেন, বুধবার সকাল থেকে অক্টোবর মাসের জন্য বরাদ্দকৃত ৯৬ মেট্রিক টন সার বিক্রি শুরু হয়েছে। বরাদ্দ চাহিদার তুলনায় কিছুটা কম হলেও ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কমবেশি করে হলেও সব কৃষকের হাতে সার পৌঁছে দেওয়া হয়। কোনো কৃষক যেন সার না পেয়ে খালি হাতে ফিরে না যান, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।