
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) অপারেটর হিসেবে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বর্তমানে সিসিটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। সিসিটি পরিচালনার জন্য ইতোমধ্যে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, সৌদি আরবের আরএসজিটিআই এবং দেশীয় এমজিএইচ গ্রুপ প্রস্তাব দিয়েছে।
সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনাল পরিচালনাতেও আগ্রহ দেখিয়েছে আরএসজিটিআই। সুযোগ পেলে দুটি প্রকল্পে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ হয়েছে সিসিটির মাধ্যমে। এর আগে ২০২৪ সালে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয় আরএসজিটিআই। সিসিটির দায়িত্ব পেলে চট্টগ্রাম বন্দরের আরও একটি গুরুত্বপূর্ণ টার্মিনালের পরিচালনায় যুক্ত হবে প্রতিষ্ঠানটি।