
কক্সবাজারের চকরিয়ায় ইমদাদুল হাসান মারুফ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, তাকে অপহরণ করে আটকে রেখে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ ঘটনায় মুক্তিপণ দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মারুফ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার কৃষক নুরুল আলমের ছেলে। সে কাকারা শাহওমরা বাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। পরিবারের তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মারুফ। পরে আর বাড়িতে ফেরেনি। বিদ্যালয়ে খোঁজ নিয়ে তার উপস্থিতিও পাওয়া যায়নি।
মারুফের মা রিজুয়ারা বেগম বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫০) করেন। পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার পর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মারুফকে অপহরণের কথা জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দিলে তাকে হত্যা অথবা ‘বার্মা’ কিংবা মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এদিকে মুক্তিপণ দাবির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অডিওটির সত্যতা বা এর সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীর সম্পর্ক আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার মা থানায় জিডি করেছেন। জিডির সূত্র ধরে মারুফকে উদ্ধারে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পুলিশ কাজ করছে।