
চট্টগ্রামের ঐতিহাসিক নিউমার্কেট বিপণিবিতান এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে ভাসমান হকারদের উচ্ছেদের পাশাপাশি নির্দিষ্ট স্থানে তাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার বিকেলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে বিশেষ টিম জিপিও মোড় থেকে অভিযান শুরু করে। এ সময় নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক দখল করে বসা হকারদের সরিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে সিডিএ চেয়ারম্যান বলেন, নিউমার্কেট চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি বিপণিবিতান। এর চারপাশে অবৈধভাবে হকার বসিয়ে পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।
তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। উন্নত বিশ্বের বিভিন্ন শহরের আদলে চট্টগ্রামেও হকারদের জন্য শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার পরিকল্পনার কথা জানান সিডিএ চেয়ারম্যান।
এ আশ্বাসের পর হকার নেতারা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে একমত পোষণ করেন। অন্যত্র ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ ও নির্দিষ্ট জায়গা বরাদ্দের প্রতিশ্রুতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হকাররা স্বেচ্ছায় ফুটপাত থেকে চৌকি, মালামাল ও দোকানপাট সরিয়ে নিতে শুরু করেন।